নতুন পে স্কেলের সুপারিশ প্রণয়ন ও গেজেট প্রকাশের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেল। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির বুধবার (২৬ নভেম্বর) জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তিনি জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা দেওয়া এবং ১৫ ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে নবম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা হয়েছে। বাদিউল কবির জানান, কমিশন চেয়ারম্যান তাদের দাবিগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ৩০ নভেম্বরের মধ্যেই রিপোর্ট দেওয়ার চেষ্টা করছেন।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে বলেন, তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। আলোচনায় বেতন গ্রেড কমিয়ে আনা, ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা দেওয়া এবং ১৫ ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে যাবতীয় কার্যক্রম শেষ করে পে স্কেলের গেজেট, অর্থাৎ নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণার বিষয়ে আলোচনা হয়।
কমিশন চেয়ারম্যানের বরাত দিয়ে বাদিউল কবির আরও জানান, কমিশন কর্মচারী নেতাদের দাবিগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং ৩০ নভেম্বরের মধ্যেই রিপোর্ট দেওয়ার চেষ্টা করছে।
উল্লেখ্য, নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে গত ২৭ জুলাই জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। কমিশন ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি থেকে অনলাইনে মতামত সংগ্রহ করেছে এবং সচিবদের সঙ্গেও বৈঠক করেছে।
এদিকে, পে স্কেল বাস্তবায়ন নিয়ে কর্মচারী নেতাদের চাপ অব্যাহত রয়েছে। তাঁরা পে কমিশনকে সুপারিশ দাখিলের জন্য ৩০ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন এবং এই সময়ের মধ্যে সুপারিশ না দিলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন। পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবেন কর্মচারীরা।
অন্যদিকে, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি মন্তব্য করেন যে, পে কমিশনের কাজ শেষ হওয়ার পর তিনটি রিপোর্ট যাচাই-বাছাই করে তারপরই কমিশন দিতে হবে। তিনি মনে করেন, বর্তমান সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে এবং পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে। তিনি এই উদ্যোগকে যৌক্তিক বলেও মন্তব্য করেন।