রাজধানী ঢাকা এবং নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জসহ আশপাশের জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ ও চোরাগোপ্তা হামলার ঘটনা এবং বিশেষ দিনকে ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে বুধবার রাত থেকেই বিজিবি সদস্যরা মাঠে কাজ শুরু করেছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এই মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদস্যরা ঢাকা মহানগরীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশপথ ও সংবেদনশীল স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে একাধিক চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কমলাপুর রেলস্টেশন, মেট্রোরেল রুট এবং বাস ও নৌ টার্মিনালসহ জনসমাগমপূর্ণ স্থানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও চোরাগোপ্তা হামলার পরিপ্রেক্ষিতে পুলিশ, র্যা ব, সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে সমগ্র ঢাকা ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্ত করা হয়েছে।