প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এমনাসির উদ্দিন বলেছেন, নির্বাচন পর্যবেক্ষক সংস্থার মূল দায়িত্ব হচ্ছে ভোটের অনিয়ম তুলে ধরা, রাজনীতিতে জড়িয়ে পড়া নয়। তিনি সংস্থাগুলোকে নির্বাচন কমিশনের সহযোগী আখ্যা দিয়ে বলেন, কমিশন একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পর্যবেক্ষকদের চোখ দিয়েই পুরো নির্বাচন প্রক্রিয়াটি দেখতে চায়। মঙ্গলবার (২৫ নভেম্বর) নির্বাচন ভবনে ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই নির্দেশনা দেন।
সিইসি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, ইসির মূল এজেন্ডা হলো জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া এবং এই জাতীয় দায়িত্ব পালনে পর্যবেক্ষকদের নিরপেক্ষতা অত্যাবশ্যক। তিনি সংস্থাগুলোর প্রতি কঠোর নির্দেশনা দিয়ে বলেন, তাদের নিয়োগ করা মাঠকর্মীরা যেন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে বা প্রচারণায় যুক্ত না হন।
তিনি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, "পর্যবেক্ষণের কাজে নিয়োজিত ব্যক্তিরা রাজনীতিতে জড়িয়ে পড়লে সবকিছু ড্যামেজ হয়ে যাবে।" পর্যবেক্ষকের দায়িত্ব হবে ‘পর্যবেক্ষণ করা, হস্তক্ষেপ না করা’। কোনো অনিয়ম হলে তা বন্ধ করা তার কাজ নয়, বরং সঠিকভাবে রিপোর্ট করাই তার প্রধান দায়িত্ব।
সিইসি আরও জানান, পর্যবেক্ষণের জন্য নিয়োগকৃত নতুনদের অবিলম্বে নির্বাচন ও নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে। তিনি বাংলাদেশের বাস্তবতার প্রতি খেয়াল রেখে রিপোর্ট করার অনুরোধ করেন এবং প্রত্যাশা করেন তাদের রিপোর্টিং যেন স্মার্ট, বাস্তবসম্মত এবং ভবিষ্যতের নির্বাচন প্রক্রিয়া সংস্কারে সহায়ক হয়।