তথ্য ও সম্প্রচারসহ একাধিক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকেই তাকিয়ে আছে, তবে জনগণকে ভীত করার একটি প্রচেষ্টা চলছে। জনগণের সুরক্ষায় সরকার সাধ্যমতো চেষ্টা করছে বলে তিনি জানান। আগামী ফেব্রুয়ারির নির্বাচন দেশের গণতন্ত্রকে সুদৃঢ় করবে এবং সরকারকে জনগণের কাছে জবাবদিহির আওতায় আনবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্ন এখনো পূর্ণতা পায়নি, এই নির্বাচনের মাধ্যমেই তার লক্ষ্য অর্জনের যাত্রা শুরু হবে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।তিনি নির্বাচনটিকে এক ধরনের গণভোট হিসেবেও উল্লেখ করেন, যেখানে জনগণ সংস্কার প্রশ্নে গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত জানাতে পারবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে প্রতিপক্ষকে দমন করতে যুক্তি-তর্কের বদলে হত্যাচেষ্টার মতো সহিংস পথ নেওয়া অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় ও কাপুরুষোচিত। এসময় তিনি বলেন, শক্তি থাকলে জনগণের মুখোমুখি হতে হবে, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের সামনে যাওয়ার পথ সবার জানা। প্রতিপক্ষকে ঘায়েল করার এই সংস্কৃতি নতুন বাংলাদেশে চলতে পারে না।
রিজওয়ানা হাসান জোর দিয়ে বলেন, সরকারের প্রধান লক্ষ্য হলো একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বতঃস্ফূর্ত নির্বাচন নিশ্চিত করা, যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে। তিনি স্বীকার করেন যে এই প্রক্রিয়াকে ব্যাহত করতে একটি শক্তি সক্রিয় আছে, যাকে প্রতিহত করতে সরকারি প্রচেষ্টার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি।