রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছেন, চুক্তি চূড়ান্ত হতে আরও অনেক কাজ করতে হবে।
খবর সিএনএন জানায় মঙ্গলবার আবুধাবিতে রুশ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন মার্কিন সামরিক সচিব ড্যান ড্রিসকোল। ওই বৈঠক চলার সময়ই ইউক্রেনের শান্তি প্রস্তাবে রাজি হওয়ার তথ্য দেন মার্কিন কর্মকর্তা।
ওই কর্মকর্তা বলেছেন, ইউক্রেন শান্তি প্রস্তাবে রাজি হয়েছে। কিছু ছোট বিষয় আছে সেগুলোর সমাধান করতে হবে। তবে এ বিষয়ে সরাসরি মন্তব্য করেনি ইউক্রেন।
দেশটির জাতীয় নিরাপত্তা সেক্রেটারি রুস্তেম উমেরোভ মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, জেনেভায় আলোচিত চুক্তির মূল শর্তাবলির উপর আমরা একটি বোঝাপড়ায় পৌঁছেছি। পরবর্তী পদক্ষেপগুলোয় আমরা এখন আমাদের ইউরোপীয় বন্ধুদের সমর্থনের ওপর ভরসা রাখছি।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ এখনও চলছে, যা বন্ধের চেষ্টা করছেন ট্রাম্প।