জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার ঘটনাগুলো দ্রুত তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকারও ব্যক্ত করেন।
ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার নতুন ভবন উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করা হবে।
ফ্যাসিস্ট সরকারের আমলে ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, "বিগত সরকার প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে দিয়েছিল। এখনকার বড় চ্যালেঞ্জ হলো সেগুলোকে পুনর্গঠন করা এবং জবাবদিহিতা নিশ্চিত করা।" তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন সমাজ ও সুশাসনের কাঠামো তৈরি করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।
নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, এলাকাবাসীর ভোটে নির্বাচিত হয়ে তিনি আজ এই অবস্থানে। জনগণের দেওয়া আস্থার প্রতিদান দিতে তিনি সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে যেতে চান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।