আবাসিক প্লট ও ফ্ল্যাট হস্তান্তর-সংক্রান্ত জটিলতা ও দুর্নীতি কমাতে যুগান্তকারী পরিবর্তন এনে নতুন নির্দেশনা জারি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে উত্তরাধিকার, ক্রয়, দান বা ঋণ গ্রহণের জন্য লিজদাতা প্রতিষ্ঠানের পূর্বানুমতি নেওয়ার দরকার হবে না। এই পদক্ষেপের লক্ষ্য হলো লিজগ্রহীতাদের দুর্ভোগ ও হয়রানি কমানো। তবে প্লট বা ফ্ল্যাটের ব্যবহার শ্রেণি বা আয়তন পরিবর্তনের ক্ষেত্রে পূর্বের নিয়ম বহাল থাকবে। নতুন নিয়ম অবিলম্বে কার্যকর হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সংস্থা কর্তৃক উন্নয়নকৃত আবাসিক প্লট ও ফ্ল্যাট হস্তান্তরে নতুন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়। উপসচিব ড. মো. নুরুল আমিনের সই করা এই প্রজ্ঞাপনে লিজগ্রহীতাদের সেবা সহজীকরণ, হয়রানি কমানো এবং দুর্নীতি দূর করার উদ্দেশ্যে বিদ্যমান পদ্ধতি পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও আওতাধীন সংস্থা কর্তৃক উন্নয়নকৃত আবাসিক প্লট ও ফ্ল্যাটের ক্ষেত্রে উত্তরাধিকার, ক্রয়, দান, হেবা সূত্রে নামজারি, হস্তান্তর (বিক্রয়, দান, হেবা বা বণ্টন), আম-মোক্তার দলিল সম্পাদন বা বাতিল এবং ঋণ গ্রহণের অনুমতির জন্য এখন থেকে লিজদাতা প্রতিষ্ঠানের অনুমোদনের প্রয়োজন হবে না। এই প্রথা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে বাতিল করা হলো। তবে কোনো প্লটের বিভাজন বা একত্রীকরণের মাধ্যমে আয়তনের পরিবর্তন এবং প্লট বা ফ্ল্যাটের ব্যবহার শ্রেণি পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি গ্রহণে বর্তমান পদ্ধতি বহাল থাকবে।
ফ্ল্যাট বা ভবনসহ ভূমি হস্তান্তরের ক্ষেত্রে দলিল মূল্যের ২ শতাংশ এবং শুধু প্লট বা ভূমি হস্তান্তরের ক্ষেত্রে ৩ শতাংশ হারে অর্থ সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে রেজিস্ট্রেশন দলিল সম্পাদনের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুকূলে জমা দিতে হবে। লিজকৃত সম্পত্তির মালিকানা সংক্রান্ত রেকর্ড হালনাগাদ রাখার জন্য, দলিল করার পর অবিকল নকলের একটি কপি ক্রেতাকে ৯০ দিনের মধ্যে লিজদাতা প্রতিষ্ঠানে দাখিল করতে হবে। ব্যর্থ হলে দৈনিক ৫০ টাকা হারে জরিমানা আরোপ করা যাবে। হস্তান্তর দলিল বা নামজারি সংক্রান্ত রেকর্ডপত্র লিজদাতা প্রতিষ্ঠানে দাখিলের ৩০ দিনের মধ্যে মালিকানা রেকর্ড হালনাগাদ করে ক্রেতাকে জানাতে হবে।
এছাড়াও, লিজ দলিলের মেয়াদ শেষে (৯৯ বছর পর) তা স্বয়ংক্রিয়ভাবে নবায়নকৃত বলে গণ্য হবে এবং হস্তান্তর ফি আদায়ও রহিত হয়ে যাবে। তবে আবাসিক ছাড়া প্রাতিষ্ঠানিক, বাণিজ্য ও শিল্প প্লট, ফ্ল্যাট বা স্পেস হস্তান্তরের ক্ষেত্রে লিজদাতা কর্তৃপক্ষের অনুমোদন নেওয়ার প্রথা বহাল থাকবে। মালিকানা নিয়ে বিরোধ রয়েছে এমন কিছু বিশেষ ক্ষেত্রেও লিজদাতা প্রতিষ্ঠানের অনুমোদন নেওয়ার প্রথা আপাতত বহাল থাকবে।
এই নতুন পদ্ধতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতিক্রমে চূড়ান্ত করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।