‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে পর্দা উঠছে অমর একুশে বইমেলা-২০২৬-এর। এদিন দুপুর ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ১৫ মার্চ পর্যন্ত চলা এই মেলা ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমি মেলার এই চূড়ান্ত সূচি ও প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করে।
এবারের মেলায় ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যার মধ্যে একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে ৪৬৮টি স্টল। গতবারের তুলনায় প্রতিষ্ঠানের সংখ্যা কিছুটা কমলেও মেলার বিন্যাসে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে মূল মঞ্চে বিভিন্ন সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশুদের জন্য বিশেষ ‘শিশুপ্রহর’ রাখা হয়েছে। এছাড়া নতুন বইয়ের মোড়ক উন্মোচনের জন্য উদ্যানে পৃথক মঞ্চ ও লিটল ম্যাগাজিন চত্বরের ব্যবস্থা করা হয়েছে।
এবারের মেলাকে পরিবেশবান্ধব করতে পলিথিন ও ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে এবং বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে ‘জিরো ওয়েস্ট’ টিম। পবিত্র রমজান মাসের কথা বিবেচনায় রেখে সোহরাওয়ার্দী উদ্যান অংশে মুসল্লিদের জন্য তারাবি নামাজের বিশেষ ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। প্রকাশনা প্রতিষ্ঠানগুলো নির্ধারিত ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। সৃজনশীল ও গুণগত মানের বইয়ের জন্য চিত্তরঞ্জন সাহা ও মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কারের পাশাপাশি এ বছর নতুন করে যুক্ত হয়েছে ‘সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার’। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পুরো মেলা প্রাঙ্গণ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে।