ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার চারটি সহজ পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, এখন থেকে স্মার্ট অ্যাপ, এসএমএস, ওয়েবসাইট এবং হটলাইনের মাধ্যমে ঘরে বসেই ভোটাররা তাদের নির্দিষ্ট কেন্দ্রের নাম ও ঠিকানা জানতে পারবেন। ভোটারদের দুর্ভোগ কমাতে এবং সময় সাশ্রয় করতেই এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে।
ভোটকেন্দ্রের তথ্য পেতে ভোটাররা নিচের ৪টি পদ্ধতির যেকোনোটি ব্যবহার করতে পারবেন:
১. স্মার্ট অ্যাপ: গুগল প্লে-স্টোর বা অ্যাপ স্টোর থেকে 'Smart Election Management BD' অ্যাপটি ডাউনলোড করে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলেই কেন্দ্রের নাম ও অবস্থান জানা যাবে। এমনকি এতে গুগল ম্যাপের সুবিধাও রয়েছে।
২. হটলাইন ১০৫: যেকোনো ফোন থেকে ১০৫ নম্বরে কল করে প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত তথ্য পাওয়া যাবে। কল করে অপারেটরের সাথে কথা বলতে '৯' চাপতে হবে।
৩. এসএমএস পদ্ধতি: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC <স্পেস> NID নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে ১০৫ নম্বরে। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য চলে আসবে।
৪. ওয়েবসাইট: ইসির অফিসিয়াল ওয়েবসাইট (ecs.gov.bd) থেকে সরাসরি এনআইডি নম্বর ব্যবহার করে কেন্দ্র ও ভোটার ক্রমিক নম্বর দেখা যাবে।