উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোটের ব্যালট যুদ্ধ শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় দেশের ২৯৯টি আসনে বিরতিহীন ৯ ঘণ্টার ভোটগ্রহণ সম্পন্ন হয়। এখন সারা দেশে একযোগে শুরু হয়েছে ভোট গণনার কাজ। নির্বাচন কমিশন (ইসি) আশা করছে, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে।
সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে শুরু হওয়া এই নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। তবে একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এবার সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট আলাদাভাবে গণনা করতে হবে বিধায় ফলাফল প্রকাশে কিছুটা বাড়তি সময় লাগতে পারে। প্রথমে দুটি ব্যালট আলাদা করে এরপর গণনা শুরু করবেন কর্মকর্তারা।
দিনভর নির্বাচনে কিছু বিচ্ছিন্ন সহিংসতার ঘটনাও ঘটেছে। খুলনায় উত্তেজনার মুখে এক বিএনপি নেতার মৃত্যু এবং কুমিল্লা ও পটুয়াখালীর কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। ১১-দলীয় জোটের পক্ষ থেকে কিছু কেন্দ্রে ভোট স্থগিতের দাবি জানানো হলেও ইসি জানিয়েছে, সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল এবং কোথাও ভোটগ্রহণ পুরোপুরি বন্ধ করতে হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে শেষ পর্যন্ত বড় কোনো বিপর্যয় ছাড়াই ভোট শেষ হয়েছে। এখন সবার নজর রাজধানীর নির্বাচন ভবনের দিকে, যেখান থেকে পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করা হবে।