রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ সংসদ সদস্য পদপ্রার্থীদের দায়ের করা আপিল আবেদনের ওপর শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই প্রক্রিয়া শুরু হয়, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাতিল হওয়া মনোনয়নপত্র ফিরে পেতে শেষ লড়াইয়ে নেমেছেন প্রার্থীরা। আজ (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি কার্যক্রম শুরু হয়েছে। গত কয়েকদিনে যাচাই-বাছাই শেষে সারা দেশের ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে ৬৪৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার আশায় কমিশনের কাছে আপিল করেছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে শুনানি কক্ষে আপিলকারীসহ সর্বোচ্চ তিনজনের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই শুনানি চলবে। তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির পর ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় রাখা হয়েছে। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত। সব প্রস্তুতি শেষে আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশজুড়ে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।