মালয়েশিয়ার সঙ্গে বহুল প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) চলতি বছরের মধ্যেই সম্পন্ন করতে জোর তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে এই চুক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্যিক বাধা দূর করতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে উভয় দেশ। বৃহস্পতিবার কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মঞ্জুরুল করিম খান চৌধুরী মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'বারনামা'কে দেওয়া এক সাক্ষাৎকারে এই অগ্রগতির কথা জানান। তিনি বলেন, ২০২৪ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের পর এই আলোচনা নতুন গতি পেয়েছে এবং চলতি বছরের মধ্যেই চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দক্ষিণ এশিয়ায় মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ। ২০২৪ সালে দুই দেশের বাণিজ্যের পরিমাণ আগের বছরের তুলনায় ৫.১ শতাংশ বেড়ে ১৩.৩৫ বিলিয়ন রিঙ্গিতে দাঁড়িয়েছে।
হাইকমিশনার উল্লেখ করেন যে, বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ককে এখন কেবল শ্রমিক রপ্তানির মধ্যে সীমাবদ্ধ না রেখে ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা ও জ্ঞানভিত্তিক খাতে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ১০ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ায় উচ্চশিক্ষা নিচ্ছেন, যা দেশটিতে দ্বিতীয় বৃহত্তম বিদেশি শিক্ষার্থী গোষ্ঠী। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের আমলেও এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।