ভোটগ্রহণের মাত্র একদিন আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ বা শাকসু নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ২০ জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ চার সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ দেন।
শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিন শিক্ষার্থীর দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নেন। রিটে যুক্তি দেওয়া হয় যে, জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন সব ধরনের ভোট বন্ধ রাখার নির্দেশনা দিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা অমান্য করে শাকসু নির্বাচনের আয়োজন করেছিল। এর ফলে আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্ধারিত এই ভোট গ্রহণ হচ্ছে না। চার সপ্তাহ পর আদালত পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত দেবেন।
উল্লেখ্য, এর আগে আজ দুপুরেই প্রশাসনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশন থেকে ৮ জন শিক্ষক পদত্যাগ করেছিলেন।