দেশের মাটিতে প্রতিটি গুম, খুন এবং গণহত্যার বিচার নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, জুলাই অভ্যুত্থানে যারা জনতার ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তাদের বিচার হবেই এবং এ বিষয়ে পুরো জাতি ঐক্যবদ্ধ।
সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় বিচার প্রক্রিয়া নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তিনি স্পষ্ট করে বলেন, গণঅভ্যুত্থানের সময় যারা আন্দোলনকারীদের হত্যা করেছে, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। বিচার করার দায়িত্ব বিচার বিভাগের এবং ইনশাআল্লাহ প্রতিটি ঘটনার সঠিক বিচার হবে।
সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন, জুলাইযোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে, তা গ্রহণে সবাই একমত হয়েছেন। তিনি বলেন, অভ্যুত্থানের সময় যারা প্রাণ হারিয়েছে বা আহত হয়েছে, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। এ সময় তিনি সংবিধান সংশোধনে সংসদ সদস্যদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাবও দেন। সরকারের এই অনড় অবস্থান দেশের বিচারহীনতার সংস্কৃতি দূর করতে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।