রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায় আর নজিরবিহীন জনসমাগমের মধ্য দিয়ে প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানানো হয়। জানাজায় সরকারের শীর্ষ প্রতিনিধি, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। জানাজা শুরুর আগেই পুরো এলাকা এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়, যার বিস্তৃতি আসাদগেট থেকে কারওয়ান বাজার পর্যন্ত ছড়িয়ে পড়ে।
জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ভারত, পাকিস্তানসহ অন্তত ৩২টি দেশের কূটনীতিকরা এই জানাজায় অংশ নিয়ে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। প্রিয় নেত্রীর কফিন সামনে রেখে তারেক রহমানসহ উপস্থিত লাখো মানুষ কান্নায় ভেঙে পড়েন।

জানাজা শেষে বেগম খালেদা জিয়ার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে পূর্ণ সামরিক ও রাষ্ট্রীয় সম্মানে তাকে স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হবে। দাফন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।