শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান।মন্ত্রী বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেই বিধান অনুসারেই সেপ্টেম্বরের নিয়মিত সংসদ অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ জন্য অতিরিক্ত বা বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন হবে না।
সম্প্রতি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই তিনি দায়িত্ব ছেড়ে দেন।রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনিই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক ও আইনি বিষয় নিয়ে কথা বলেন আইনমন্ত্রী। চট্টগ্রামের জুলাই আন্দোলনে আহত আটজনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রসঙ্গে তিনি বলেন, যদি তদন্তে প্রমাণিত হয় যে মামলাটি মিথ্যা, তাহলে সরকার তা প্রত্যাহারের উদ্যোগ নেবে।তবে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বিশেষ সুবিধা দেওয়া হবে না বলেও স্পষ্ট জানান তিনি। আইনমন্ত্রী বলেন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগে দায়ের করা কোনো মামলা অভিযুক্ত ব্যক্তি যত বড় রাজনৈতিক নেতাই হোন না কেন, প্রত্যাহার করা হবে না। আইনের দৃষ্টিতে সবাই সমান এবং বিচারিক প্রক্রিয়া আইন অনুযায়ীই চলবে।
সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি দাবি করেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে বর্তমানে সীমান্তে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড (এক্সট্রা জুডিশিয়াল কিলিং) শূন্যের কোঠায় নেমে এসেছে। সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।এদিকে, সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে সম্ভাব্য মামলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় এ মুহূর্তে কোনো মন্তব্য করা সমীচীন হবে না।
বিশ্লেষকদের মতে, নতুন রাষ্ট্রপতি নির্বাচন দেশের রাজনৈতিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ নতুন রাষ্ট্রপতির মেয়াদকালেই ভবিষ্যৎ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের সমর্থন পাওয়া প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই সেপ্টেম্বরের সংসদ অধিবেশনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নিয়ে আগ্রহ ক্রমেই বাড়ছে।