সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি বাদে বছরে মোট ৬৭ দিন ছুটি পাবেন শিক্ষার্থীরা। প্রজ্ঞাপন অনুযায়ী, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে
আজ ১৯ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে টানা ২৬ দিনের দীর্ঘ ছুটি। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বড় ছুটির পাশাপাশি পরীক্ষার সম্ভাব্য সময়সূচিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। রমজানের ছুটি ২৬ মার্চ পর্যন্ত চলবে। এছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ১০ দিন এবং শীতকালীন অবকাশে ৮ দিন ছুটি থাকবে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, অর্ধবার্ষিক পরীক্ষা ২৮ জুন, নির্বাচনী পরীক্ষা ২৮ অক্টোবর এবং বার্ষিক পরীক্ষা ১৯ নভেম্বর থেকে শুরু হবে।
মন্ত্রণালয় কঠোর নির্দেশনায় জানিয়েছে, কোনো অবস্থাতেই বাইরে থেকে কেনা প্রশ্নে পরীক্ষা নেওয়া যাবে না এবং পরীক্ষার সময়কাল ১২ কর্মদিবসের বেশি হবে না। এছাড়া কোনো সরকারি কর্মকর্তার সংবর্ধনা বা পরিদর্শনের জন্য স্কুল ছুটি দেওয়া বা শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালনের নির্দেশ দেওয়া হয়েছে।