সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীজুড়ে মানুষের জনস্রোত তৈরি হয়েছে। এর ফলে কারওয়ান বাজার, ফার্মগেট ও তেজগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে সাধারণ মানুষ হেঁটেই মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে ছুটছেন, এমনকি অনেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়েও পথ পাড়ি দিচ্ছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টার পর থেকেই রাজধানীর সোনারগাঁও হোটেলের গোলচত্বর, তেজগাঁও রেলগেট ও কারওয়ান বাজার এলাকায় সাধারণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জানাজায় যোগ দিতে আসা মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ। এই পরিস্থিতিতে জানাজাস্থল অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউতে প্রবেশের জন্য সাধারণ মানুষ দীর্ঘ পথ হেঁটে পাড়ি দিচ্ছেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় জানানো হয়েছে, জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মিরপুর রোড ব্যবহার করে কোনো গাড়ি যাতে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রবেশ না করে। নিরাপত্তা রক্ষায় পুরো এলাকা বর্তমানে এসএসএফ-এর নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া পুলিশ, সেনাবাহিনী, র্যা ব, বিজিবি ও এপিবিএনসহ বিভিন্ন বাহিনীর ১০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে আসাদগেট এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ করে কঠোর নজরদারি চালানো হচ্ছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব এই জানাজায় ইমামতি করবেন। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।