মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এই নির্দেশ প্রদান করে। একইসঙ্গে, রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল সোমবার এই ঐতিহাসিক রায় ঘোষণা করে। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ৪৫৩ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ পড়া শুরু হয়।
২ ঘণ্টা ১০ মিনিট ধরে সংক্ষিপ্ত রায় পাঠ শেষে দুপুর ২টা ৫০ মিনিটে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়।
ট্রাইব্যুনাল তাঁর রায়ে উল্লেখ করেন, এই দুই আসামির দেশে থাকা স্থাবর-অস্থাবর সব সম্পত্তি অবিলম্বে বাজেয়াপ্ত করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।