গণভোটে জয়যুক্ত ‘হ্যাঁ’ ভোট কার্যকরের জন্য আলাদা কোনো শপথের প্রয়োজন নেই, বরং এটি সংসদীয় বিলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। একে ‘জুলাই সনদ’ হিসেবে অভিহিত করে তিনি দেশ গড়ার স্বার্থে সবাইকে ‘মব কালচার’ বা বিশৃঙ্খলা পরিহার করার আহ্বান জানান।
একুশের সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণভোট নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, সংসদ নির্বাচন শেষে সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। এখন গণভোটের রায় অনুযায়ী ‘হ্যাঁ’ ভোটগুলো সংসদীয় প্রক্রিয়ায় বিল আকারে আসবে। এটিই স্বাভাবিক নিয়ম এবং এর জন্য নতুন করে শপথ নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।
মন্ত্রী আরও উল্লেখ করেন, যেখানে ‘না’ ভোট পড়েছে বা ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে আইনবিদদের ব্যাখ্যা অনুযায়ী পার্লামেন্টে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির দিকে ইঙ্গিত করে এ্যানি বলেন, "যারা ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তাদের এই পথ থেকে সরে আসা উচিত। মব কালচার নতুন বাংলাদেশ গড়ার পথে প্রধান অন্তরায়।" তিনি মতভেদ ভুলে সবাইকে সরকারের কাজে সহযোগিতা করার এবং দায়িত্বশীল ভূমিকা পালন করার অনুরোধ জানান। এ সময় তাঁর সাথে জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।