বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করে আগামীর বাংলাদেশকে একটি ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলা হবে।
শুক্রবার (২ জানুয়ারি) চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ডে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে তিনি বিএনপির এই রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরেন।
চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ বৌদ্ধ সমিতি আয়োজিত ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথেরোর স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। তিনি প্রয়াত এই ধর্মীয় গুরুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাকে শান্তি ও মানবসেবার অনন্য কান্ডারি হিসেবে অভিহিত করেন।
বক্তব্যে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, রাজনীতির মূল চালিকাশক্তি হওয়া উচিত ছিল সেবামূলক, যা বর্তমানে শান্তির পথ থেকে বিচ্যুত হয়েছে। বিএনপি সেই পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থান ফিরিয়ে আনতে কাজ করছে। তিনি আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার দেওয়া ‘রেইনবো নেশন’ ধারণায় একটি দেশ হবে রংধনুর মতো বৈচিত্র্যময়, যেখানে প্রত্যেকের নিজস্ব সত্তা থাকবে কিন্তু সবার অভিন্ন পরিচয় হবে ‘বাংলাদেশি’।
আমীর খসরু আরও বলেন, বিএনপি এমন এক উদার গণতন্ত্রে বিশ্বাসী যেখানে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছাবে। ড. জ্ঞানশ্রী মহাথেরোর মতো মহাপুরুষদের আদর্শ কেবল মুখে নয়, বরং বাস্তব জীবনে অনুশীলনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপি নেতা আবু সুফিয়ান ও ইস্রাফিল খসরু মাহমুদ চৌধুরীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।