ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের ওপর নির্বাচন কমিশনের (ইসি) আরোপিত বিধিনিষেধের কড়া সমালোচনা করেছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সন্ধ্যার মধ্যে এই ‘অযৌক্তিক’ সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে মঙ্গলবার নির্বাচন কমিশন ঘেরাও করার ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত এক নির্বাচনি জনসভায় নাহিদ ইসলাম এই আল্টিমেটাম দেন। তিনি বলেন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করার মাধ্যমে মূলত সংবাদমাধ্যমকে ‘ব্ল্যাকআউট’ এবং জনগণের তথ্য অধিকার হরণ করার চেষ্টা চলছে। ইসির এমন নজিরবিহীন সিদ্ধান্তের পেছনে কার পরিকল্পনা কাজ করছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন কমিশন যদি ১২ ফেব্রুয়ারি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার বা ভোট কারচুপির পরিকল্পনা করে থাকে, তবে এর পরিণতি হবে ভয়াবহ। তিনি মনে করেন, কেন্দ্র দখল ও জালিয়াতি লুকানোর লক্ষ্যেই সাংবাদিকদের এবং সাধারণ মানুষের মোবাইল ফোন ব্যবহারে বাধা দেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “অতীতের ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের পরিণতি থেকে শিক্ষা নিন। আজ সন্ধ্যার মধ্যে এই নিয়ম পরিবর্তন না করলে আগামীকাল মঙ্গলবার নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।” ১১ দলীয় জোটের এই নেতা জোর দিয়ে বলেন, এমন কোনো কালো আইন সাধারণ মানুষ মেনে নেবে না।