নিজস্ব প্রতিবেদক: রাজধানীর লালবাগ থানাধীন ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক ও পলিথিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টা ৩৮ মিনিটের দিকে চেয়ারম্যান বাড়ি ঘাট সংলগ্ন ওই কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ১১ টি ইউনিট কাজ করছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ১টা ৩৮ মিনিটের দিকে তারা আগুন লাগার সংবাদ পান। আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তা নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পরবর্তীতে আরও ৫টি ইউনিট- মোট ১১ টি ইউনিট পাঠানো হয় বলে জানান তিনি। প্রাথমিকভাবে জানা গেছে, লালবাগের চেয়ারম্যান ঘাটের কাছে ইসলামবাগ এলাকায় অবস্থিত কারখানাটি একটি প্লাস্টিক কারখানা। তবে আগুনের তীব্রতা অনেক বেশী বলে জানান তিনি।


আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক কর্মী বলেন, দুপুর ২টা ২০ মিনিটের দিকে পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিসের প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে এলাকায় তীব্র যানজট থাকায় ইউনিটগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। পরে আগুণের তীব্রতার কারণে আরো ৬টি ইঞ্জিন নিয়ন্ত্রণে পাঠান হয়েছে। মোট ১১টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে, দেয়াল ও ছাদ ভেঙে কক্ষগুলোতে থাকা প্লাস্টিকে পানি ছিঠানো হচ্ছে, আগুন ছড়িয়ে পড়েছে বলেও জানান স্থানীয়রা ।