বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ আমাদের জাতীয় অস্তিত্বের শিকড়। একটি বিশেষ গোষ্ঠী এই ইতিহাসকে মুছে ফেলতে চায়, যা আমাদের অস্তিত্বকে সংকটে ফেলবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে এক নির্বাচনী সভায় তিনি ভোটারদের সতর্ক থাকার এবং সঠিক ব্যক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একাত্তরের অর্জন আমাদের একটি স্বাধীন ভূখণ্ড ও সন্তানদের জন্য সুন্দর ভবিষ্যতের সুযোগ করে দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, একটি পক্ষ সেই গৌরবময় ইতিহাসকে আড়াল করার চেষ্টা করছে। একাত্তরকে বাদ দিলে আমরা আমাদের পরিচয় হারিয়ে ফেলব।
পৌর শহরের ৬নং ওয়ার্ডে আয়োজিত এই নির্বাচনী সভায় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে বলেন, একাত্তরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। বর্তমানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার ও মিথ্যা প্রচারণার চেষ্টা চলছে, যা উদ্বেগের বিষয়।
ভোটের গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ভোট একটি পবিত্র আমানত, এর খেয়ানত করা যাবে না। নির্বাচনের সময় নানাভাবে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। তাই নিজের বিচার-বুদ্ধি খাটিয়ে সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ ও জাতির মর্যাদা রক্ষার আহ্বান জানান তিনি। সভায় ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।