ভোটের বিনিময়ে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় জামায়াতে ইসলামীকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারে এক জনসভায় তিনি বলেন, জামায়াত সুনির্দিষ্ট পরিকল্পনার বদলে মানুষকে ধর্মীয় বিভ্রান্তি ও জান্নাতের স্টেশন দেখাচ্ছে, যা মূলত ‘শিরক’। এছাড়া তিনি জামায়াতকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারী হিসেবেও অভিযুক্ত করেন।
কক্সবাজার-৩ আসনের প্রার্থী লুৎফুর রহমান কাজলের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, "জামায়াত ভোটের বিনিময়ে জান্নাতের লোভ দেখাচ্ছে। তাদের জান্নাতের বাস স্টেশন কোথায়, তা জানতে ইচ্ছে করে।" তিনি আরও বলেন, হেফাজত নেতাদের মতেই জামায়াতের ইসলাম বিভ্রান্তিকর এবং তারা নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ভুল ইতিহাস প্রচার করছে।
সালাহউদ্দিন আহমদ জোর দিয়ে বলেন, বিএনপি জাতিগত বিভাজনে বিশ্বাস করে না; হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবার একটাই পরিচয়—'বাংলাদেশি'। এটিই বিএনপির মূল রাজনৈতিক দর্শন। তিনি একটি বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করেন।
কক্সবাজারের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, লবণের মাঠে চাষীরা ন্যায্য দাম পায় না, অথচ বাজারে চড়া দামে বিক্রি হয়। বিএনপি ক্ষমতায় গেলে লবণসহ সব স্থানীয় পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করবে। এছাড়া মাতারবাড়ি বন্দরকে অর্থনৈতিক হাব এবং কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও প্রতিশ্রুতি দেন তিনি।