ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে প্রায় ৬০ লাখ টাকাসহ আটকের ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত নাটক’ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষের বৈধ অনাপত্তিপত্র থাকা সত্ত্বেও বেলাল উদ্দিনকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য আটক করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, বেলাল উদ্দিন প্রধান তাঁর ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে টাকাগুলো বহন করছিলেন। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালের নিরাপত্তা কর্মকর্তা ও নির্বাহী পরিচালক এই অর্থ বহনে অনাপত্তি (NOC) দিয়েছিলেন। সেই বৈধ নথিপত্র সাথে থাকা সত্ত্বেও সৈয়দপুর বিমানবন্দরে নামার পর তাঁকে পরিকল্পিতভাবে আটক করা হয়। তিনি আরও জানান, টাকার বৈধ উৎস সম্পর্কে যথাসময়ে উপযুক্ত প্রমাণ পেশ করা হবে।
এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ নিশ্চিত করেছেন যে, ওই অর্থের বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষকে অবগত করা হয়েছিল এবং তাদের পক্ষ থেকে অনাপত্তি দেওয়া হয়েছিল। তবে নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করেই বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বর্তমানে উদ্ধারকৃত টাকা এবং বৈধ নথিপত্রের সত্যতা যাচাই করছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনের ঠিক আগে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে উত্তপ্ত বাক্যবিনিময় চলছে।