তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আপিল বিভাগের রায়কে গণতন্ত্রের পথচলার জন্য 'ইতিবাচক' হিসেবে দেখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি মন্তব্য করেন, এই রায় ভবিষ্যতে কেউ যেন নতুন করে 'ফ্যাসিস্ট' হয়ে উঠতে না পারে, সেই পথ রুদ্ধ করবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি আরও বলেন, দেশজুড়ে মানুষের অসুস্থতা ও ক্ষুধার্ত অবস্থার কারণে তারেক রহমান জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকার উদ্দেশ্যেই শেখ হাসিনা সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন। তিনি মনে করেন, সর্বোচ্চ আদালতের এই রায় ফ্যাসিবাদী প্রবণতা তৈরি হওয়ার সুযোগ কমিয়ে আনবে এবং গণতন্ত্রকে শক্তিশালী করবে।
তারেক রহমানের মানবিক সিদ্ধান্ত প্রসঙ্গে রিজভী বলেন, দেশের এত মানুষের দুর্ভোগের মধ্যে আনন্দ করা যায় না। তিনি আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের পরিধি আরও বাড়ানো হবে।
এছাড়া, রুহুল কবির রিজভী সাবেক সরকারের কঠোর সমালোচনা করে বলেন, শেখ হাসিনা মানবতা ধারণ করতে পারেননি বলেই বাংলাদেশে এমন নিষ্ঠুরতা দেখিয়েছেন, যা ছিল নজিরবিহীন।