প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ প্রত্যাশা জানান। একই সাথে তিনি পতিত স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে জামায়াত আমির বলেন, দীর্ঘ লড়াইয়ের পর দেশে নতুন সরকার গঠিত হয়েছে। এখন জনগণের প্রধান প্রত্যাশা হলো—নিরাপত্তা, মানবাধিকার এবং মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা। তিনি বিশ্বাস করেন, বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করবে।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বায়ান্নর চেতনাকে ধারণ করেই আজকের নতুন বাংলাদেশ গড়তে হবে। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য তিনি দলের সকল শাখা ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, দেশ অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা জনগণকে সাথে নিয়ে শক্ত হাতে মোকাবিলা করা হবে।