নরসিংদী ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক শিশু ও কিশোরী ধর্ষণ-হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও বিচার দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একে 'জাতিকে স্তম্ভিত করা' ঘটনা হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে তিনি অপরাধীদের আশ্রয়দাতাদের কঠোর সমালোচনা করে ভুক্তভোগী পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
সম্প্রতি নরসিংদীতে ১৫ বছরের কিশোরী ও ঢাকায় ৬ বছরের শিশু তাহিয়াসহ বেশ কয়েকজন পাশবিক নির্যাতন ও হত্যার শিকার হয়েছে। এই পৈশাচিক ঘটনাগুলোর বিচার চেয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, এই অপরাধগুলো শুধু বীভৎসই নয়, বরং এর পেছনে থাকা রাজনৈতিক সংশ্লিষ্টতা ও প্রশাসনের শৈথিল্য আরও উদ্বেগজনক।
তিনি অভিযোগ করেন, কোনো কোনো ক্ষেত্রে অপরাধীদের বিচার নিশ্চিত করার পরিবর্তে ক্ষমতাসীন দলের নেতারা ধর্ষকদের রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হচ্ছেন। শিশু তাহিয়া হত্যাকে 'দুর্ঘটনা' বলে চালিয়ে দেওয়ার চেষ্টা এবং ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নিতে হুমকির তীব্র সমালোচনা করেন তিনি। জামায়াত আমিরের প্রশ্ন—কার ইশারায় এবং কোন অপশক্তির জোরে নির্যাতিত পরিবারকে এলাকাছাড়া করার দুঃসাহস দেখানো হচ্ছে?
ডা. শফিকুর রহমান রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইনসাফের প্রশ্নে কোনো আপস করা চলবে না। অবিলম্বে স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দেশজুড়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে শামিল থাকার অঙ্গীকার করেন।