নির্বাচনী মাঠের কোনো তিক্ততা বা ভুল বোঝাবুঝি যেন প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়ে দেশবাসীকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। দীর্ঘ লড়াইয়ের পর অর্জিত এই বিজয়কে তিনি ‘জনগণের মুক্তি’ হিসেবে অভিহিত করেন এবং একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে ভিন্নমতের সবার সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, নির্বাচনের ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে বিভিন্ন দল বা ব্যক্তির মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হওয়া অস্বাভাবিক নয়। তবে সেই রেশ ধরে কোনোভাবেই যেন প্রতিশোধমূলক কর্মকাণ্ড না ঘটে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, এই বিজয় গণতন্ত্রকামী মানুষের এবং যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন তাদের জন্য। আজ থেকে আমরা মুক্ত এবং প্রতিটি নাগরিকের অধিকার সংরক্ষিত হলো।
তিনি আরও উল্লেখ করেন, একটি আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যাত্রায় কেবল বিএনপি নয়, বরং দেশের সব রাজনৈতিক শক্তি এবং প্রবাসী বাংলাদেশিদের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। বিজয়-পরবর্তী এই সময়ে বিশৃঙ্খলা এড়িয়ে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ জোর দেন তিনি। পরিশেষে, গণতন্ত্র পুনরদ্ধারে সহযোগিতার জন্য বিশ্বের সব গণতান্ত্রিক শক্তি ও দেশের স্বাধীনতাপ্রিয় মানুষকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান তারেক রহমান।