ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নির্বাচন কমিশনের (ইসি) নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছেন হাসনাত আবদুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির এই নেতা এই সিদ্ধান্তকে ‘হঠকারী’ এবং ‘ভোট জালিয়াতির নীল নকশা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি মনে করেন, এই বিধিনিষেধের ফলে সাংবাদিক ও সাধারণ ভোটাররা অনিয়মের চিত্র তুলে ধরতে ব্যর্থ হবেন, যা স্বচ্ছ নির্বাচনকে বাধাগ্রস্ত করবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নির্বাচন কমিশনের নতুন নীতিমালার সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ভোটকেন্দ্রের এত কাছাকাছি মোবাইল নিষিদ্ধ করার কোনো যৌক্তিকতা নেই। এটি স্পষ্টত সিটিজেন জার্নালিজম বা সাধারণ মানুষের মাধ্যমে অনিয়ম প্রকাশে বাধা দেওয়ার একটি অপকৌশল। তাঁর মতে, কোনো কেন্দ্র দখল বা ভোট চুরির ঘটনা ঘটলে তাৎক্ষণিক ভিডিও রেকর্ড বা কাউকে অবহিত করার পথ বন্ধ করতেই এমন ‘অযৌক্তিক’ নির্দেশনা দেওয়া হয়েছে।
হাসনাত আবদুল্লাহ আরও উল্লেখ করেন যে, সিসি ক্যামেরা থাকলেও তা তাৎক্ষণিক অনিয়ম ঠেকাতে কার্যকর হয় না, যতটা ব্যক্তিগত মোবাইল ফোনের মাধ্যমে সম্ভব। মোবাইল ফোন না নেওয়ার ভীতির কারণে অনেক সাধারণ ভোটার কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকতে পারেন বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি মনে করেন, এই সিদ্ধান্ত কেবল ভোট জালিয়াতদেরই সুবিধা দেবে এবং অবিলম্বে এই নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের নতুন নির্দেশনা অনুযায়ী, প্রিসাইডিং অফিসার এবং দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর মাত্র চারজন সদস্য ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। এই প্রথম জাতীয় নির্বাচনে সাংবাদিকদের ক্ষেত্রেও মোবাইল ব্যবহারে এমন কড়াকড়ি আরোপ করল ইসি।