ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের ওপর নির্বাচন কমিশনের (ইসি) আরোপ করা বিধিনিষেধ বাতিলের জোর দাবি জানিয়েছেন প্রখ্যাত আইনজীবী ও জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির।
সোমবার (৯ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, এই সিদ্ধান্ত বহাল থাকলে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে এবং তথ্যের অবাধ প্রবাহ বাধাগ্রস্ত হবে।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে ইসির গত রবিবারের (৮ ফেব্রুয়ারি) নির্দেশনায় বলা হয়েছে, প্রিজাইডিং অফিসারসহ মাত্র তিন শ্রেণির কর্মকর্তা ছাড়া আর কেউ কেন্দ্রের নির্ধারিত সীমানায় মোবাইল রাখতে পারবেন না। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে শিশির মনির বলেন, বর্তমান যুগে মোবাইল ফোন তথ্যের দ্রুত আদান-প্রদানের প্রধান মাধ্যম। ৪০০ গজের মতো বিশাল এলাকায় এই নিষেধাজ্ঞা জারি করা হলে কেন্দ্রে কোনো অনিয়ম ঘটলে তা তাৎক্ষণিক জানানো অসম্ভব হয়ে পড়বে।
শিশির মনির আরও উল্লেখ করেন যে, এই ধরনের ঢালাও নিষেধাজ্ঞা সাধারণ ভোটারদের মধ্যে ভীতির সঞ্চার করতে পারে এবং তাঁদের কেন্দ্রবিমুখ করার ঝুঁকি তৈরি করবে। তাঁর মতে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রযুক্তির ওপর এমন বিধিনিষেধ আন্তর্জাতিক মহলেও নেতিবাচক বার্তা দেবে। তিনি অবিলম্বে এই আদেশ সংশোধন করে জনগণের তথ্যের অধিকার ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির ভোটগ্রহণ ঘিরে ইসি নিরাপত্তা ও শৃঙ্খলার যুক্তি দেখিয়ে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। তবে রাজনৈতিক নেতা ও নাগরিক সমাজের পক্ষ থেকে ক্রমাগত প্রতিবাদের মুখে কমিশন এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনে কি না, তা এখন দেখার বিষয়।