নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আর বাড়ছে না বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
এর আগে আগ্রহী প্রার্থীদের রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র ফরম দাখিলের সময় দুই দিন বাড়তে পারে বলে গুঞ্জন ছিল। তবে, মনোনয়ন দাখিলের জন্য সময় আর বাড়ানো হচ্ছে না। ফলে সময় না বাড়ানোয় আজই মনোনয়ন দাখিলের সময় শেষ হচ্ছে।
এর আগে, এই সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম দাখিলের সময় দুইদিন বাড়তে পারে বলে জানিয়েছিল ইসির একটি সূত্র, এমন খবরও ছড়িয়েছিল। তবে ইসি সচিব তাতে জল ঢেলে দিয়ে বললেন তফসিল অনুযায়ী সোমবার ৫টায় শেষ হয়েছে মনোনয়ন জমা।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আজ সোমবার বিকেল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীদের রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। সময় শেষ হয়ে যাওয়ায় আর কোনো প্রার্থী মনোনয়ন জমা দিতে পারবেন না।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।