আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নসহ কয়েক দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কর্মসূচির প্রথম দিন রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে দলগুলো।
বিক্ষোভের আগে রাজধানীর বাইতুল মোকাররম ও প্রেসক্লাবের সামনে আলাদা আলাদা ব্যানারে এসব কর্মসূচি পালন করবে সাতটি দল। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে।
জামায়াতে ইসলামী ছাড়াও সাত দলের মধ্যে রয়েছে- ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
জানা গেছে, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে মিছিল বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।
দাবিগুলো হলো
জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, জাতীয় সংসদের উভয় কক্ষে (কেউ কেউ উচ্চকক্ষে) সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার সমান সুযোগ) নিশ্চিত করা। বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।