লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেনের বাড়িতে ৮ বছর বয়সী কন্যা মোসা. আয়শা আক্তার দগ্ধ হয়ে মারা গেছেন।
এ ঘটনায় বেলাল হোসেন ও তাঁর দুই কন্যা বীথি আক্তার ও স্মৃতি আক্তার গুরুতর আহত হয়েছেন। আহত দুই কন্যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। নিহত শিশুর বাবা বেলাল হোসেন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
শোক বিবৃতিতে তিনি বলেন, দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে শিশু মোসা. আয়শা আক্তারের অকাল মৃত্যু এবং অপর দুই বোনসহ বেলাল হোসেনের গুরুতর আহত হওয়ার ঘটনা জঘন্য ও অমানবিক। এটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রাজনৈতিক সহিংসতার বহিঃপ্রকাশ।
তিনি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। নিহত শিশুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে, আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয়দের প্রতি তিনি সমবেদনা জানান।