নিজস্ব প্রতিবেদক : জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ আগামীকাল শুক্রবারের (৩১ অক্টোবর) মধ্যেই জারির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ দাবি জানিয়েছে দলটি।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। এতে আরও উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম ও হামিদুর রহমান আযাদ।
সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াত রাষ্ট্র সংস্কারে দেওয়া ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর পূর্ণ বাস্তবায়ন চায়। সে জন্য আগামীকালের (শুক্রবারের) মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সরকার চাইলে আজ (বৃহষ্পতিবার )রাতের মধ্যেও সেটি করতে পারে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সময়ক্ষেপণ না করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির আহ্বান জানিয়ে তিনি বলেন, দেরি হলে তারা (অন্তর্বর্তী সরকার) জনগণের আস্থা হারাবে।
সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির পরে গণভোটের আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনের দিন কিংবা নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশন ইতোমধ্যে সরকারের কাছে জমা দিয়েছে। তিনি বলেন, জামায়াত জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন করার দাবি জানিয়েছে। কারণ, একই দিনে নির্বাচন ও গণভোট হলে রাজনৈতিক দলের নেতারা নিজ দলের প্রার্থীকে জেতাতে ব্যস্ত থাকবেন। এর ফলে গণভোটের গুরুত্ব কমে যাবে
এ আমির বলেন, গণভোটের পরে ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। তবে এমন কোনো বিষয় যাতে সামনে আনা না হয়, যে কারণে নির্বাচন সংশয় বা অনিশ্চয়তার মধ্যে পড়ে। জাতীয় নির্বাচনের জন্য ফেব্রুয়ারিই উপযুক্ত সময়। এ সময় নির্বাচন করার দাবি জানাচ্ছে জামায়াত।