বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মিথ্যা অপপ্রচার ও কুৎসা রটিয়ে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা সম্ভব নয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শিল্পকলা একাডেমিতে জাসাস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, প্রযুক্তির অপব্যবহার করে বিএনপির নেতাদের বিরুদ্ধে সুপরিকল্পিত প্রোপাগান্ডা চালানো হচ্ছে। আসন্ন নির্বাচনে এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বিজয় ছিনিয়ে আনার আহ্বান জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, চারিদিকে নানা চক্রান্ত ও মিথ্যাচার চলছে। বিশেষ করে ‘প্রোপাগান্ডা বট’ ব্যবহার করে মানুষের চরিত্রহনন ও কুৎসা রটানোর এক মহোৎসব শুরু হয়েছে।
রিজভী জাসাসের শিল্পী ও সাহিত্যিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আপনাদের শক্তিশালী শব্দ ও সুললিত ধ্বনি দিয়ে অপপ্রচারের এই কষাঘাতকে পরাজিত করতে হবে।" তিনি জোর দিয়ে বলেন, যারা দীর্ঘকাল গণতন্ত্রের জন্য আপসহীন লড়াই করেছে এবং আওয়ামী লীগের বলয়ের বাইরে থেকে সত্য বলেছে, তাদের বিরুদ্ধেই এখন চক্রান্ত হচ্ছে।
জাসাস নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গতানুগতিক রাজনীতি নয়, বরং সাংস্কৃতিক শক্তির মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে জাসাস সভাপতি চিত্রনায়ক হেলাল খান ও সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকনসহ বিএনপির কেন্দ্রীয় ও সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।