জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ১৯৭১ সালের দালালদের বিরুদ্ধে এবং ২০২৪ সালের ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ও তরুণরা ঐক্যবদ্ধ আছে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, আগামী দিনে বাংলাদেশে জনগণের বিজয় আসবে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘ ৫৪ বছরের ইতিহাসে দেশের জনগণের সঙ্গে বারবার প্রতারণা করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি পূরণ হয়নি।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর নাহিদ ইসলাম বলেন, ১৬ ডিসেম্বরে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থান হয়েছিল। এই দিনটিতে মানুষ সম্মান, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিয়ে বাঁচার সংকল্প করেছিল। তিনি শ্রদ্ধার সঙ্গে ৭১-এর সকল শহীদ ও মুক্তিকামী মানুষকে স্মরণ করেন।
মুক্তিযুদ্ধের লক্ষ্য পূরণ না হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা বা সামাজিক সুবিচার কোনটিই দেশে প্রতিষ্ঠা হয়নি, বরং ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। সেই ফ্যাসিবাদের বিরুদ্ধেই ২০২৪ সালে গণঅভ্যুত্থান হয়েছিল।
নাহিদ ইসলাম দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশকে অস্থিতিশীল এবং নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি সরকারের প্রতি ওসমান হাদিকে হত্যাচেষ্টাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
নিরাপত্তা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, জনগণের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে। ৫ আগস্টের পর জনগণ যেভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেছিল, বাংলাদেশ আবার সেই পরিস্থিতির দিকে যাচ্ছে।
আগামী নির্বাচনকে গণভোট হিসেবে উল্লেখ করে তিনি জনগণকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি প্রত্যাশা করেন, আসন্ন নির্বাচনে সংস্কারের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে। এনসিপির প্রার্থীরা সংস্কারের পক্ষে 'হ্যাঁ'-এর সমর্থনে জনগণের কাছে যাবেন।
তিনি বলেন, আমরা সংস্কারের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা কখনোই বাংলাদেশকে আর ৫ আগস্টের পূর্ববর্তী জায়গায় ফেরত নিব না।
এ সময় এনসিপির সদস্য সচীব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের সংগঠন সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।