ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বোধল বাজার এলাকায় এসএসসি পাস এক ফার্মেসি মালিককে রোগী দেখা এবং ব্যবস্থাপত্রে অ্যান্টিবায়োটিক লেখার অভিযোগে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১০ ডিসেম্বর) চালানো এই অভিযানে শিল্পী ফার্মেসির মালিক শ্রী মনিন্দ্র দেব নাথকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তদন্তে জানা যায়, তিনি কোনো বৈধ স্বাস্থ্যসেবা সনদপ্রাপ্ত নন। এ ছাড়াও, তাঁর ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায়।
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবং জেলা প্রশাসকের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এই অভিযান পরিচালনা করেন।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, সদর উপজেলার বোধল বাজার এলাকার শিল্পী ফার্মেসির মালিক মনিন্দ্র দেব নাথ নিজেই সিরিয়াল নিয়ে রোগী দেখছিলেন এবং অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ ব্যবস্থাপত্রে লিখে দিচ্ছিলেন। খোঁজ নিয়ে জানা যায়, ওই ফার্মেসি মালিকের শিক্ষাগত যোগ্যতা কেবল এসএসসি। তিনি পল্লী চিকিৎসক, এমবিবিএস বা অন্য কোনো বৈধ স্বাস্থ্যসেবা সনদপ্রাপ্ত নন।
তাছাড়া, অভিযানকালে ফার্মেসিটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং চিকিৎসকদের জন্য নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধও পাওয়া যায়। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ফার্মেসিটির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ভবিষ্যতে এমন বেআইনি কাজ থেকে বিরত থাকার জন্য তাঁকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।