কুড়িগ্রাম সদর উপজেলায় চুরির অভিযোগে অজ্ঞাতনামা এক যুবককে (২৫) গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে পুলিশ পাঁচগাছী ইউনিয়নের কাচিচর ফারাজি পাড়া থেকে মরদেহটি উদ্ধার করে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে চুরির সন্দেহে এক যুবককে আটক করে স্থানীয় জনতা। উত্তেজিত ভিড় ওই যুবককে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে।
কুড়িগ্রাম সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি, পরিচয় নিশ্চিত হতে বিভিন্ন থানায় ছবি পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আইন নিজের হাতে তুলে নেওয়ার অপরাধে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে এবং ময়নাতদন্তের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।