ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজের ২১ দিন পর এক গৃহশিক্ষিকার বাসা থেকে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে এই নৃশংস হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতার জেরে গৃহশিক্ষিকা মিম ও তার কিশোরী বোন মিলে মা-মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঘরের ভেতর লুকিয়ে রেখেছিল। এ ঘটনায় মূল অভিযুক্ত মিম ও তার বোনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় স্কুলছাত্রী ফাতেমা (১৪) তার গৃহশিক্ষিকা মিমের কাছে পড়তে গিয়ে নিখোঁজ হয়। পরে তাকে খুঁজতে বেরিয়ে নিখোঁজ হন তার মা রোকেয়া রহমান (৩১)। এ ঘটনায় ফাতেমার বাবা শাহিন আহমেদ থানায় জিডি করলেও দীর্ঘ দিন তাদের কোনো হদিস মেলেনি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে মুক্তিরবাগ এলাকার ওই শিক্ষিকার বাসা থেকে উৎকট দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে খাটের নিচ থেকে মায়ের এবং বাথরুমের ছাদ থেকে মেয়ের লাশ উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিম ও তার বোন স্বীকার করেছে যে, তারা পরিকল্পিতভাবে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে দুজনকে হত্যা করেছে। হত্যাকাণ্ডের পর লাশগুলো ঘরে রেখেই তারা স্বাভাবিকভাবে সেখানে বসবাস করে আসছিল। পুলিশ ঘাতক মিম ও তার বোনকে গ্রেপ্তার করার পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত ওড়নাটি জব্দ করেছে। এই রোমহর্ষক ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।