গাজীপুরের শ্রীপুর রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত সবজি বিক্রেতা জালাল উদ্দিনের (৪০) মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রোববার রাত ৮টা ৪০ মিনিটের দিকে শ্রীপুর রেলস্টেশন এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, ময়মনসিংহের গফরগাঁওয়ের বাসিন্দা জালাল উদ্দিন শ্রীপুর থেকে রাতের ট্রেনে বাড়ি ফেরার জন্য ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ধরার জন্য দৌড়ে যাচ্ছিলেন। ট্রেনটি তখন প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছিল।
এ সময় পাশের লাইনে থাকা ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের সামনে দিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে যান জালাল উদ্দিন। মুহূর্তেই তাঁর শরীরের ওপর দিয়ে ট্রেনটি চলে যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে।
গুরুতর আহত অবস্থায় জালাল উদ্দিনকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পেশায় সবজি বিক্রেতা জালাল উদ্দিনই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে রেলওয়ে পুলিশ তদন্ত করছে।