চার দফা দাবিতে আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে 'বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ'। এনসিটি টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার স্পষ্ট ঘোষণা এবং বন্দর চেয়ারম্যানের অপসারণসহ কয়েকটি দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর ফলে দেশের প্রধান এই সমুদ্রবন্দরে পণ্য খালাস ও জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন এই কর্মসূচি ঘোষণা করেন। তাদের প্রধান দাবিগুলো হলো—ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রক্রিয়া বাতিল, বর্তমান চেয়ারম্যান এসএম মনিরুজ্জামানকে প্রত্যাহার, আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে নেওয়া সব শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং নেতাদের নামে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া।
এর আগে টানা তিন দিন কর্মবিরতির পর নৌ পরিবহন উপদেষ্টার আশ্বাসে গত বৃহস্পতিবার ধর্মঘট স্থগিত করা হয়েছিল। তবে আন্দোলনরত শ্রমিক নেতাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও দুদকের মাধ্যমে সম্পদের তদন্ত শুরুর পদক্ষেপ নেওয়ায় শ্রমিকরা ফের ফুঁসে উঠেছেন। নেতারা বলছেন, আলোচনার কথা বলে উল্টো হয়রানিমূলক ব্যবস্থা নেওয়ায় তারা পুনরায় ধর্মঘটে যেতে বাধ্য হচ্ছেন।
গত সপ্তাহের ধর্মঘটে বন্দরে আমদানি পণ্য ডেলিভারি এবং কনটেইনার হ্যান্ডলিং পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। আগামীকাল থেকে নতুন করে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হলে দেশের সাপ্লাই চেইন বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। বিশেষ করে তৈরি পোশাক খাতের কাঁচামাল আমদানি ও পণ্য রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।