নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে বেগম খালেদা জিয়াকে খুব প্রয়োজন। তিনি উল্লেখ করেন, দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থের প্রশ্নে খালেদা জিয়া কখনো কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি।
শুক্রবার (৫ ডিসেম্বর) নেত্রকোনার মদন উপজেলার বুড়াপীর মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। এসময় তিনি উন্নত চিকিৎসার জন্য সংকটাপন্ন অবস্থায় থাকা খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চান।
আলোচনা সভায় লুৎফুজ্জামান বাবর বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি সর্বজনীনভাবে সারা দেশের নেত্রী। দেশে এখনো অনেক ষড়যন্ত্র বিদ্যমান রয়েছে এবং এই ষড়যন্ত্র থেকে উত্তরণের জন্য খালেদা জিয়ার মতো নেত্রীর বেঁচে থাকা অত্যন্ত জরুরি।
তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন আছেন এবং হয়তো আজ-কালকের মধ্যেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হবে। এ কারণে তিনি উপস্থিত সকলের কাছে নেত্রীর আশু সুস্থতার জন্য বিশেষভাবে দোয়া কামনা করেন।
আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক পরিকল্পনা প্রসঙ্গে বাবর বলেন, তাঁর প্রথম কাজ হবে উন্নয়নের আন্দোলন ও সংগ্রাম। তিনি বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি নিয়ে এসেছেন। তাঁর প্রধান চ্যালেঞ্জ হলো প্রতিটি ঘরে থাকা বেকার তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থান তৈরি করা এবং তাদের স্বাবলম্বী করা। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যেন অতীতে যেমন উন্নয়ন নিয়ে এসেছিলেন, সুযোগ পেলে আগামীতেও তার চেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করতে পারেন।
সভায় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালিকদার, রফিকুল ইসলাম আকন্দসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।