নিজস্ব প্রতিনিধি: বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সমর্থনে রাজপথে নেমেছেন হাজারো নারী কর্মী ও সমর্থক। এতদিন ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালালেও, নারী কর্মীদের ওপর হেনস্তার প্রতিবাদ এবং নির্বাচনী প্রচারণাকে আরও বেগবান করতে তারা এখন প্রকাশ্য মিছিল ও স্লোগানে মুখর করে তুলছেন রাজপথ। নারী ভোটারদের এই অভূতপূর্ব অংশগ্রহণ নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।
রবিবার (১ ফেবুয়ারি) থেকে শুরু হওয়া নারী কর্মীদের এই বিশেষ প্রচারণা সোমবারও (২ ফেব্রুয়ারি) সদরের বিভিন্ন ইউনিয়নে অব্যাহত রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সারাদেশে জামায়াতের নারী কর্মীদের ওপর চলা হেনস্তার প্রতিবাদ জানাতেই তারা সংগঠিত হয়ে মাঠে নেমেছেন।
এদিন সকালে নামুজা ইউনিয়নে বিশাল এক নারী মিছিলের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়, যেখানে নেতৃত্ব দেন শহর জামায়াতের আমির ও সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। এরপর গোকুল ও নুনগোলা ইউনিয়নেও শত শত নারী দাঁড়িপাল্লা প্রতীকের ফেস্টুন ও ব্যানার নিয়ে মিছিলে অংশ নেন। মিছিলগুলো গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বগুড়া সদর আসনে নারী ভোটারের সংখ্যা (২ লাখ ৩১ হাজার ২৩৭ জন) পুরুষ ভোটারদের চেয়ে বেশি। ফলে নারীদের এই বিশাল জমায়েত ও সক্রিয় অংশগ্রহণ জামায়াতের জন্য বড় ধরনের শক্তির জোগান দিচ্ছে। এই আসনে বিএনপি ও জামায়াতসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নারী ভোটারদের এই স্বতঃস্ফূর্ত সমর্থন আবিদুর রহমান সোহেলকে জয়ের দৌড়ে অনেকটাই সুবিধাজনক অবস্থানে রাখছে বলে ধারণা করা হচ্ছে।
জাহিদ হাসান/রাজধানী