নির্বাচনী প্রচারণায় বুধবার (৪ ফেব্রুয়ারি ) এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ দুই যুগ পর দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে ভোর থেকেই এই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতা-কর্মীরা নগরের বান্দ রোডের বেলস পার্কের সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি ) দুপুর ১২টার পর বরিশাল বেলস পার্কের এই নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।
এর আগে বেলা ১১টায় বরিশাল বেলস পার্কের এই জনসভা শুরু হয়। শুরুতে বক্তব্য রাখছেন স্থানীয় নেতাকর্মীরা।
এদিন প্রিয় নেতাকে দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। কেউ কেউ ফজর নামাজ পড়েই ঐতিহাসিক বেলস পার্ক মাঠে এসেছেন।
সর্বশেষ ২০০৮ সালে এই মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর সেই একই মাঠে এবার দলটির পরবর্তী প্রজন্মের কাণ্ডারি তারেক রহমানের আগমনে দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে।
দলীয় কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বরিশাল পৌঁছাবেন তারেক রহমান। দুপুর ১২টায় সমাবেশে যোগ দিয়ে ১টার দিকে তিনি ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন, বাংলাদেশের মানুষের আশা-ভরসার প্রতীক তারেক রহমান। বরিশালের মানুষ তাঁর জন্য অপেক্ষা করছে। তারেক রহমানকে একনজর দেখার জন্য, সভাস্থল জনসমুদ্রে পরিণত হবে। এই সমাবেশের মধ্য দিয়ে আগামীর দক্ষিণাঞ্চল উন্নয়নের জন্য যাঁদের মনোনয়ন দিয়েছেন তাঁদের জন্য তিনি বার্তা দেবেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান।