গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসার বেঞ্চে বসা নিয়ে সামান্য তর্কের জেরে পাঁচজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে। ধারালো ছুরির আঘাতে আহত পাঁচ শিক্ষার্থীর মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থী ওই মাদ্রাসারই ছাত্র।
মাদ্রাসায় চূড়ান্ত পরীক্ষা চলাকালে বুধবার পরীক্ষার হলে বেঞ্চে বসা নিয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থী ও দশম শ্রেণির আরেক শিক্ষার্থীর মধ্যে তর্ক শুরু হয়। যদিও শিক্ষকেরা তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করে দিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার পরীক্ষা শেষে শিক্ষার্থীরা মাদরাসা থেকে বের হওয়ার সময় অভিযুক্ত শিক্ষার্থী হঠাৎ ধারালো ছুরি নিয়ে সহপাঠীদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।
আহত শিক্ষার্থীরা হলো: অষ্টম শ্রেণির রিফাত (১৪), দশম শ্রেণির মহিন (১৫), নাজিম উদ্দিন (১৪), নিলয় (১৫) এবং রিফাত (১৫)। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাসরিন জামান জানান, পাঁচজন শিক্ষার্থীকে ছুরিকাহত অবস্থায় আনা হয়েছিল এবং তিনজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি আমলযোগ্য অপরাধ হওয়ায় লিখিত অভিযোগ না পেলেও পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।