'নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই - ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করে'—এই প্রতিপাদ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ/২০২৫ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সমাজে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ পাঁচজন নারীকে 'অদম্য' পুরস্কার প্রদান করা হয়।
মঙ্গলবার সকালে ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক আহমেদ, আইসিটি কর্মকর্তা মর্জিনা খাতুন, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মনোজ কুমার ইন্দ্র সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসমান আলী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভায় জাতীয় মহিলা সংস্থার নতুন-পুরাতন ৫০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা যে পাঁচজন নারীকে 'অদম্য' পুরস্কারে ভূষিত করা হয়, তাঁরা হলেন: সমাজ উন্নয়নে মোছাঃ আমেনা খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ববিতা খাতুন, সফল জননী মোছাঃ আনোয়ারা খাতুন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মিমি খাতুন এবং বিভীষিকাময় দুঃশাসনের শিকার শান্তা খাতুন।