কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি মৌজার আর.এস ১৪৪৫ নং দাগের জমি সংক্রান্ত জাল দলিল ও অবৈধ নামজারির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিক মিজানুর রহমান।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে নিজ বাড়ির উঠানে আয়োজিত এই সম্মেলনে তিনি অভিযোগ করেন, তাঁদের বৈধ সম্পত্তিতে তাঁরা প্রায় ৪৭ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসলেও, একটি পক্ষ অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও জাল দলিল দেখিয়ে জমি দখলের চেষ্টা করছে।
মিজানুর রহমান দাবি করেন, তিনি ১৯৭৭ সালে বৈধ দলিলের মাধ্যমে জমি ক্রয় করলেও, প্রতিপক্ষ সোনা আলীর পক্ষের লোকজন পরবর্তী তারিখের (১৯৭৮ সাল) একটি দলিল দেখিয়ে অবৈধভাবে নামজারি করিয়েছে, যা আইনগতভাবে গ্রহণযোগ্য নয়।
মিজানুর রহমান সংবাদ সম্মেলনে তাঁর বৈধ মালিকানার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, আড়কান্দি মৌজার আর এস ৪৪৬ নং খতিয়ান, আর.এস ১৪৪৫ নং দাগের সম্পত্তির রেকর্ডে তাঁর নাম বহাল আছে। এছাড়াও তাঁর চাচা ফজলুল হকের নামে থাকা ০.৯০ একর সম্পত্তি তিনি ০৯/০১/১৯৭৭ তারিখে ৯২৩২ নং খরিদ দলিলের মাধ্যমে বৈধভাবে ক্রয় করেন এবং দখল বুঝে নেন।
কিন্তু তাঁর অভিযোগ, প্রতিপক্ষ সোনা আলীর পক্ষের লোকজন ১৬/০২/১৯৭৮ তারিখে একটি পরবর্তী দলিল দেখিয়ে ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে অবৈধভাবে নামজারি করিয়ে নিয়েছে।
মিজানুর রহমান বলেন, পূর্বের বৈধ দলিল বহাল থাকা অবস্থায় পরবর্তী দলিল স্বয়ংক্রিয়ভাবে অবৈধ, বাতিল ও অকার্যকর। রেজিস্ট্রেশন আইনে পূর্বের বৈধ দলিলের ওপর পরবর্তী দলিলের কোনো আইনগত মূল্য নেই। যে জমি ইতোমধ্যে ১৯৭৭ সালে বিক্রি হয়ে গেছে, সেটি ১৯৭৮ সালে আবার বিক্রি করার প্রশ্নই উঠে না।
তিনি জানান, প্রতিপক্ষের বিভ্রান্তিকর দাবি জনসমক্ষে ভুল ধারণা তৈরি করছে। তাই তিনি প্রশাসন, গণমাধ্যম ও সাধারণ জনগণের কাছে বিষয়টি সঠিকভাবে বুঝে ন্যায়বিচার প্রতিষ্ঠায় পাশে থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানান।
সাইফুল ইসলাম/রাজধানী