মৌলভীবাজারের কমলগঞ্জে চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি মাগুরছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ৫ ঘণ্টা পেরিয়ে গেলেও রেল চলাচল স্বাভাবিক না হওয়ায় ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি মাগুরছড়া এলাকায় পৌঁছালে হঠাৎ এর ইঞ্জিন বিকল হয়। খবর পেয়ে বিকল্প ইঞ্জিন হিসেবে ‘জয়ন্তিকা এক্সপ্রেস’-এর ইঞ্জিন পাঠানো হয়। কিন্তু বিকল্প ইঞ্জিনটি পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে লাগানোর চেষ্টা করা হলে ট্রেনের হুক ছিঁড়ে যায়। ফলে উদ্ধারকাজ দীর্ঘায়িত হয় এবং পুরো রুটে ট্রেন চলাচল স্থবির হয়ে পড়ে।
ভানুগাছ রেল স্টেশন মাস্টার কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইঞ্জিন বিকল হওয়ার পর হুক ছিঁড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই ঘটনার ফলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সরাসরি রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে একাধিক ট্রেন। তবে দ্রুত রেল যোগাযোগ চালুর চেষ্টা চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।